হাসিনার ওপর রাগ হয় না আপনার? খালেদা জিয়ার প্রতি-উত্তরে মুগ্ধ উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত ১০টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ত্যাগ করবেন।
লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে চিকিৎসার পর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন।
তার লন্ডন যাত্রার আগে সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি লিখেছেন, খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্র ও অগ্রগতির পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যাশা করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল স্মৃতিচারণ করে উল্লেখ করেন, কিছুদিন আগে খালেদা জিয়ার সঙ্গে তার সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছিল। সেখানে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও শেখ হাসিনা শাসনামলের প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়া একবারও হাসিনার নাম নেননি।
যখন সরাসরি প্রশ্ন করা হয়, “শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার?” তখন খালেদা জিয়া ম্লান কণ্ঠে জবাব দেন, “রাগ করে কী করবো বলেন! আল্লাহর কাছে বলি।”
খালেদা জিয়ার এমন সংযমী প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়ে আসিফ নজরুল লিখেছেন, “শেখ হাসিনা পনেরো বছর ধরে কী নির্মম নির্যাতন আর মিথ্যাচার করেছেন, অথচ বেগম জিয়া কোনো খারাপ শব্দও উচ্চারণ করেননি তাকে নিয়ে।”
শেষে তিনি লিখেছেন, “আল্লাহর কাছে প্রার্থনা, বেগম জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।”