নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ ইন্টারনেট ব্যাংকিং সেবা - দিগন্ত জার্নাল

নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ ইন্টারনেট ব্যাংকিং সেবা

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আর মাত্র তিন দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে টাকার অপব্যবহার ও অবৈধ লেনদেন রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা চার দিন এসব সেবায় কড়াকড়ি আরোপ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এই সময়ের মধ্যে বিকাশ, নগদ ও রকেটসহ সব মোবাইল আর্থিক সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সীমিত করা হয়েছে। প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। এতে দৈনিক সর্বোচ্চ লেনদেনের সীমা দাঁড়াবে ১০ হাজার টাকা।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা পুরোপুরি বন্ধ থাকবে। আইবিএফটি (IBFT) ব্যবস্থার আওতায় কোনো ধরনের পিটুপি লেনদেন করা যাবে না।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ কেনাকাটা বা বিল পরিশোধে গ্রাহকদের অতিরিক্ত কোনো সীমাবদ্ধতার মুখে পড়তে হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়সীমায় এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের আর্থিক অপরাধ সংঘটিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Home » নির্বাচন
an adbox will go here