বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
নিজস্ব প্রতিবেদক। জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
ভোট শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ
নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগেই ইইউ পর্যবেক্ষক দলটি ওই কেন্দ্রে উপস্থিত হয়। তারা ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা পর্যবেক্ষকদের সামনে ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখান। এরপর নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়।
অংশগ্রহণমূলক নির্বাচনের আশা
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইভার্স ইজাবস।
তিনি বলেন,
“এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। সকালে আমরা ভোটগ্রহণ শুরু হতে দেখেছি।”
তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়েও পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।
ভোটারদের উচ্ছ্বাস
এ কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন,
“দীর্ঘদিন পর ভোট দিতে পারছি, খুবই এক্সাইটেড লাগছে। দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসুক। যেই আসুক, সে যেন দেশের ভালো চায়।”
তিনি জানান, ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।