আমার প্রথম কাজ ছিল দেশকে সচল করা: ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশকে সচল করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দায়িত্ব ছাড়ার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুক্তির দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি সংকটময় পরিস্থিতি থেকে মুক্ত হলেও তখন রাষ্ট্রীয় কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছিল। সেই অচল দেশকে সচল করাই ছিল সরকারের সবচেয়ে কঠিন দায়িত্ব।
তিনি বলেন, অভ্যুত্থানের পর প্রশাসনের শীর্ষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারা পালিয়ে যান বা আত্মগোপনে চলে যান। এতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়। কে বিশ্বাসযোগ্য, কে নয়—তা নির্ধারণ করাই ছিল বড় চ্যালেঞ্জ।
ভাষণে তিনি আরও বলেন, ছাত্রনেতাদের আহ্বানে বিদেশে অবস্থানরত অবস্থায় তিনি দায়িত্ব গ্রহণে রাজি হন। জাতীয় দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেন। দেড় বছর পর এখন সেই দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার সময় এসেছে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দীর্ঘ দেড় যুগ পর দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট হয়। নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সরকারের দায়িত্বকাল শেষের পথে পৌঁছায়।