দুই মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে: প্রধানমন্ত্রী
দিগন্ত জার্নাল ডেস্ক: শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
শ্রমিকদের দাবি পর্যালোচনায় সরকার মজুরি বোর্ড গঠন করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। বাগেরহাট থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বন্ধ থাকা শিল্পকারখানা চালু এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রমিক আন্দোলনের আড়ালে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারখানায় ভাঙচুর, যন্ত্রপাতি নষ্ট ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে। সরকার কোনো অবস্থায় দেশের পোশাকশিল্প ধ্বংস হতে দেবে না।
এর আগে সকালে হেলিকপ্টারে মোংলা বন্দরে পৌঁছে প্রায় ৪ হাজার ৯০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় দুটি আধুনিক জেটি, কনটেইনার ইয়ার্ড, অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি ৪৯টি যন্ত্রপাতি স্থাপন করা হবে। চার বছরে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
পরে খুলনার রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় পথসভায় প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি সিজন-২ উদ্বোধনের উদ্দেশ্যে রওনা হন।