ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন
দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
রাজধানী ঢাকায় রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের একজন পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য। অন্যজন মিরপুর-১১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে বিস্ফোরণে আহত হন। তবে তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পল্লবী থানার পাশের ফ্লাইওভার থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এসআরবির এক সদস্য আহত হন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
একই সময় মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ জানান, এতে কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
রাত ৮টা ৩৫ মিনিটে মিরপুর-১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ, মধুর ক্যানটিন, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে সাত-আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রক্টরিয়াল টিমের সদস্য হারুন জানান, টিএসসি এলাকায় বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। পরে আরও একজনকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা চলছে।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ করেন। তবে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা বলেন তিনি।
রাত ১০টা ১০ মিনিটে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, এতে কেউ হতাহত হননি। তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।
এছাড়া পান্থপথে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ীর কাজলা স্টেশন এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। ভাটারা থানার এসআই দেবাশীস রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।