২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামী আড়াই বছরে ২ লাখ ৩৮ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বর্তমানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা থাকলেও আপাতত ৫টি সরকারি অর্থনৈতিক অঞ্চলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান।
চেয়ারম্যান জানান, আপাতত সরকারি পাঁচটি অঞ্চলের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ করা হবে। বেজার লক্ষ্য মূলত শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা, মুনাফা অর্জন নয়। আগামী ১০ বছরে ১০টি জোন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা যথেষ্ট হবে বলে মনে করছে বেজা।
তিনি আরও বলেন, বর্তমানে সরকারি এই পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে আগামী ২০২৬ সালের মধ্যে পানি, বিদ্যুৎ, গ্যাস এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে এসব সুবিধা সরবরাহ করা হবে।
আশিক চৌধুরী জানান, আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে বেজার ওয়েবসাইটে ৬০টি ওয়ান স্টপ সার্ভিস চালু রয়েছে এবং আরও সেবা যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি সংস্থাটি ডিজিটাল অফিস তৈরির পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, “বেজা এখন প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছে।” তার মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।