খালেদা জিয়ার বার্তা: গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - দিগন্ত জার্নাল

খালেদা জিয়ার বার্তা: গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে এই বার্তা দেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ডিসেম্বর২০২৫) মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে দ্রুতই দেশে ফিরে আসবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তাদের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ফলে মিথ্যা মামলায় ছয় বছর আটক থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিএনপির বারবার দাবি সত্ত্বেও শেখ হাসিনা সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি। তবে আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন।”

মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। এর আগে রাত ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া গাড়িবহরে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের এই সফর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশবাসী তার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছে।

an adbox will go here