প্রবাসীদের পাসপোর্ট সমস্যায় স্বস্তির খবর
দিগন্ত জার্নাল ডেস্ক:
দীর্ঘদিনের হয়রানি লাঘবে প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসীরা সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পাবেন। দূতাবাসে ভিড় না করেই পাসপোর্ট সংগ্রহের এই ব্যবস্থা প্রবাসীদের ভোগান্তি কমাবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রবাসীদের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দ্রুত প্রস্তুত ও প্রেরণের কাজ চলছে। তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে, যা শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে।
সরকার ই-পাসপোর্ট চালু করার উদ্যোগ নিয়েছে, যা পাসপোর্ট সংক্রান্ত সব সমস্যার সমাধান করবে। সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে সব দেশের প্রবাসীদের এ সুবিধার আওতায় আনা হবে।
প্রবাসীদের জন্য সরকারের এই পদক্ষেপ একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। আশা করা হচ্ছে, কয়েক বছরের মধ্যে পাসপোর্ট সমস্যার স্থায়ী সমাধান হবে।