চালের ঘাটতি নেই, দাম অযৌক্তিকভাবে বাড়ছে: বাণিজ্য উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। মজুদ, উৎপাদন বা সরবরাহেও কোনো সমস্যা নেই। তবে চালের দাম বৃদ্ধি অযৌক্তিক।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
বশিরউদ্দীন বলেন, “আমরা আমনের ভরা মৌসুম পার করছি। এ সময় চালের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই। পাইকারি পর্যায়ে দাম বেশি বাড়ছে, যা ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলছে। মজুদদারির কারণেও এই পরিস্থিতি হতে পারে।”
তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে আমদানির ওপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে আমদানিকেন্দ্রীক ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালসহ অনুষ্ঠানে টিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।