প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই সংকট: ৮১% শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি - দিগন্ত জার্নাল

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই সংকট: ৮১% শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি

দিগন্ত জার্নাল ডেস্ক:
নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাত্র ১৯ শতাংশ শিক্ষার্থীর হাতে বই পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগ বই পেয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। এনসিটিবির তথ্যমতে, প্রাথমিকের ৯ কোটি ২০ লাখ বইয়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪ কোটি ৮২ লাখ বই। মাধ্যমিকে ৩১ কোটি বইয়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে প্রায় ৩ কোটি বই। এখন পর্যন্ত ৪০ কোটির বেশি বইয়ের মধ্যে সাড়ে ৭ কোটি বই সরবরাহ করা হয়েছে।

বই ছাপানোর জন্য কাগজ ও শ্রমিক সংকট সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পেপার মিলগুলো কৃত্রিম সংকট তৈরি করে কাগজের দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, নোট ও গাইড ছাপানোর কাজে অভিজ্ঞ শ্রমিকরা নিয়োজিত হওয়ায় বই বাঁধাই কার্যক্রম ধীরগতিতে চলছে।

এছাড়া নতুন শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের সৃজনশীল কারিকুলাম পুনরায় ব্যবহার করায় সময় লেগেছে। গত বছরের জুলাই মাসে আন্দোলনের কারণে তিন মাস দেরিতে কার্যক্রম শুরু হওয়ায় বই সরবরাহে জটিলতা দেখা দিয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান জানিয়েছেন, প্রেস মালিকদের সহযোগিতা না পাওয়ায় বই সরবরাহে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর চেষ্টা চলছে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কারিকুলাম পরিমার্জন ও নতুন সিলেবাস প্রণয়নে দেরি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বাংলাদেশ মুদ্রণ সমিতি ও পুস্তক প্রকাশক সমিতির নেতারা কাগজ ও শ্রমিক সংকটের বিষয়টি স্বীকার করেছেন। তবে তারা দ্রুত বই সরবরাহে এনসিটিবিকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ৩৪ লাখ শিক্ষার্থীর জন্য ৪১ কোটি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ৯ কোটি ২০ লাখ এবং মাধ্যমিক স্তরে ৩১ কোটি বই অন্তর্ভুক্ত রয়েছে। তবে সব বই পৌঁছাতে মার্চ পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

an adbox will go here