খালেদা জিয়া’কে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভিআইপি প্রটোকল দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা, যারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান।