ক্রসফায়ারে বিএনপির ২,২৭৬ নেতাকর্মী হত্যার মামলায় প্রধান আসামি শেখ হাসিনা - দিগন্ত জার্নাল

ক্রসফায়ারে বিএনপির ২,২৭৬ নেতাকর্মী হত্যার মামলায় প্রধান আসামি শেখ হাসিনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ৯ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে বিএনপির মানবসম্পদ, তথ্য ও গুম বিষয়ক সমন্বয়ক সালাহউদ্দিন খান এবং আইনজীবীসহ তিন সদস্যের একটি দল চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে সারা দেশে ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে। একই সময়ে ১৫৩ জন নেতাকর্মীকে গুমের অভিযোগও আনা হয়েছে। বিএনপি দাবি করেছে, দলটিকে নিশ্চিহ্ন করার জন্য এসব পরিকল্পিত হত্যা ও গুমের ঘটনা ঘটেছে।

এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি এবং আরও প্রায় শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিতে গুমের অভিযোগের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্র জমা দেওয়ার পর সালাহউদ্দিন খান সাংবাদিকদের জানান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। এসব ঘটনা মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হবে এবং এটি গণতন্ত্র রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

an adbox will go here