সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার মেয়ের আয়কর নথি জব্দের আদেশ - দিগন্ত জার্নাল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আদালতে আবেদন করে জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯.৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২.৬২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া ফারহিন রিশতার বিরুদ্ধে ৮.৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আদালত শুনানি শেষে তাদের আয়কর নথি জব্দের অনুমতি দেন। এর আগে, ৮ জানুয়ারি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসার আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়।

দুদক গত বছরের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে। সব মামলায় সাবেক আইজিপিকে প্রধান আসামি করা হয়। এছাড়া, পাসপোর্ট জালিয়াতির অভিযোগে আরও একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

an adbox will go here