বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকেও আসামি করা হয়েছে।

গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুদক এ মামলা দায়ের করে। অনুসন্ধানে উঠে এসেছে, ডেপুটি গভর্নর থাকাকালে এসকে সুর আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ঋণ কেলেঙ্কারিতে সহযোগিতা করেছেন। পিকে হালদার পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লোপাট করেছেন।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করা হয়, এসকে সুরকে ‘ম্যানেজ’ করে পিকে হালদার অর্থ লোপাট করেছেন। এ ছাড়া, এসকে সুরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।

এসকে সুর ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এবং বর্তমানে অবসরে রয়েছেন। মামলাটি নিয়ে দুদকের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

an adbox will go here