গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন ইউন সুক-ইওল - দিগন্ত জার্নাল

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন ইউন সুক-ইওল

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানী সিউলের প্রেসিডেনশিয়াল বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় বলেছেন, “এটা অবৈধ তদন্ত। তবে আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মানে এই নয় যে আমি তাদের তদন্তকে অনুমোদন দিয়েছি।”

ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে সামরিক আইন জারি, রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্ত চলছে।

গত বছরের ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ছয় ঘণ্টার মধ্যে আইনটি প্রত্যাহার করতে বাধ্য হন। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্ট তাকে অভিশংসন করে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকারী দপ্তর (সিআইও) তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে।

আজ সকালে স্থানীয় সময় সাড়ে ১০টায় তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়। তাকে সিউলের গোওচেয়ন এলাকায় সিআইও দপ্তরে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় সিউলের প্রেসিডেনশিয়াল বাসভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় তিনি তার নির্দোষিতা দাবি করে বলেন, “এই পরিস্থিতি শান্ত রাখতে আমি তদন্তে সহযোগিতা করছি। তবে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত।”

an adbox will go here