সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক রিসোর্ট পুড়ে ছাই
দিগন্ত জার্নাল ডেস্ক:
সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গভীর রাতে হঠাৎ করে শায়রী রিসোর্টে আগুন লেগে পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়, মোট ৩০টি কক্ষ আগুনে পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা নুর মুহাম্মদ জানান, প্রথমে শায়রী রিসোর্টে আগুন লাগে এবং তা অন্য দুটি রিসোর্টে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দ্বীপের বাসিন্দা আবুল কালাম অভিযোগ করেন, ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে অনেক দেরি হয়েছে। সরকারকে এখানে একটি ফায়ার স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সেন্টমার্টিন দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।