সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত
নিজস্ব প্রতিবেদক:
সাড়ে ১৭ বছর কারাবাসের পর সব মামলায় খালাস পেয়ে অবশেষে কারামুক্ত হয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর বাবর নেতাকর্মীদের নিয়ে শের-ই-বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
বাবরের মুক্তি নিশ্চিত করেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির। তিনি জানান, বাবরের সঙ্গে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, মেজর (অব.) লিয়াকত হোসেন, এবং মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে হাইকোর্টের রায়ে খালাস পান বাবর। তার মুক্তিকে কেন্দ্র করে কারাগারের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় জমায়।
মুক্তির পর পরিকল্পনা:
বাবর কারাগার থেকে বেরিয়ে প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। এসময় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
বাবরের মুক্তি বিএনপির জন্য বড় একটি রাজনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।