দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে দাভোসে অবস্থান করছেন ড. মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে তিনি বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ওপর জোর দেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার ড. ইউনূস জাতিসংঘ মহাসচিব ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন।
এছাড়া দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এতে তাকে ২০২৫ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
প্রেস সচিব জানান, ড. ইউনূস বুধবার দিনব্যাপী ১৫-১৬টি বৈঠকে অংশ নেবেন, যার বেশিরভাগই বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে।
উল্লেখ্য, ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস গত সোমবার ঢাকা ত্যাগ করেন। তার ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।