লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া
দিগন্ত জার্নাল ডেস্ক:
লন্ডনে ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) তাকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। লন্ডন ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকদের পরামর্শে আপাতত ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চালানো হবে।
খালেদা জিয়া কিংস কলেজের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ৮ জানুয়ারি লন্ডন গিয়েছিলেন এবং ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন ছিলেন।
সূত্র: বিএনপি মিডিয়া উইং।