নির্বাচন নিয়ে বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের: তারেক রহমান - দিগন্ত জার্নাল

নির্বাচন নিয়ে বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের: তারেক রহমান

দিগন্ত জার্নাল ডেস্ক:
নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “নির্বাচন জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম কার্যকর হাতিয়ার। বিতর্ক সৃষ্টি না করে সবার উচিত জনগণের আস্থা অর্জন করা।”

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার শিক্ষক অংশ নেন।

তারেক রহমান বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা বিএনপির প্রধান অগ্রাধিকার।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত তরুণ প্রজন্মের কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করে, বিএনপি তাদের স্বাগত জানাবে। তবে সেই উদ্যোগ স্বচ্ছ ও নৈতিক হতে হবে।”

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভ্যাটের বোঝা এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্মে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সংকট সমাধানে ব্যর্থ হয়, তবে জনগণের আস্থার জায়গা দুর্বল হবে।”

তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র যেন আমাদের লক্ষ্যকে বিভ্রান্ত করতে না পারে। জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস।”

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্রের বিকাশ নির্ভর করে চর্চা ও আচরণের ওপর। আমাদের লক্ষ্য একটাই—একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সভাপতিত্ব এবং মহাসচিব জাকির হোসেন সঞ্চালনা করেন।

তারেক রহমান বলেন, “জনগণের জন্যই রাজনীতি। তাদের দুঃখ-কষ্ট লাঘবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণ যেহেতু ধৈর্য ধরে ব্যর্থতা সহ্য করছে, তাই সরকারের উচিত আরও বেশি সহনশীল হওয়া।”

তিনি বলেন, “মাফিয়ামুক্ত বাংলাদেশের জন্য আমাদের সতর্ক থাকতে হবে। পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের ষড়যন্ত্র রুখে জনগণের স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সবার।”

an adbox will go here