৭০০’র মতো বন্দি এখনও পলাতক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দিগন্ত জার্নাল

৭০০’র মতো বন্দি এখনও পলাতক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় ৭০০ বন্দি এখনও পলাতক। তাদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রবিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জরুরি সেবা হটলাইন (০৯৬১২০২১৬৯০) উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, নতুন এই হটলাইনের মাধ্যমে বন্দিদের অবস্থান, হাজিরা, সাক্ষাতের তারিখ, শারীরিক অবস্থা এবং প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।

তিনি আরও বলেন, পুলিশের কোনো স্বল্পতা নেই, তবে উদ্যমের ঘাটতি রয়েছে। পরিস্থিতি উন্নয়নে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।

শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে তিনি বলেন, জামিন পাওয়া সন্ত্রাসীদের মনিটরিং করা হচ্ছে। রাষ্ট্র ও সমাজবিরোধী কাজে জড়িত হলে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কারা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

an adbox will go here