ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ: ঢাবি ও সাত কলেজ সংঘর্ষে উত্তেজনা
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা রোববার মধ্যরাতে সড়কে নামেন। প্রধান ফটকের তালা ভেঙে তিন শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন এবং ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
ইডেন কলেজের শিক্ষার্থীদের দাবি, ঢাবির শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং কয়েকজনকে আটকে রেখেছে।
এদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। তারা ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কাছে দাবি জানালে তা আমলে না নেওয়ার অভিযোগে উপ-উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন।
রাত ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে গেলে ঢাবির শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ঘটনাস্থলে পুলিশ এবং বিভিন্ন ছাত্র সংগঠন উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও পরিস্থিতি থমথমে রয়েছে।