পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
আইন উপদেষ্টা ও বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের ৮০ শতাংশ সদস্য আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের আদর্শ ধারণ করে। তিনি মনে করেন, এ কারণেই পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে।
রবিবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে “জুলাই গণঅভ্যুত্থান” নিয়ে চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে। তবে সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানে সকলের মধ্যে যে ঐক্য ছিল, তা আগামীতেও অব্যাহত থাকা জরুরি।”
তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, “গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, “গণহত্যায় জড়িতদের বিপুল সম্পদ, শক্তিশালী প্রচারণা এবং আন্তর্জাতিক সমর্থন রয়েছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।”
তিনি ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, “আপনাদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভিন্নমত থাকতে পারে, তবে তা যেন শত্রুদের উৎসাহিত না করে।”
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বক্তারা সবাই ঐক্যের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের ওপর জোর দেন।