খালেদা জিয়া অচিরেই দেশে ফিরবেন: এম এ মালেক - দিগন্ত জার্নাল

খালেদা জিয়া অচিরেই দেশে ফিরবেন: এম এ মালেক

দিগন্ত জার্নাল ডেস্ক:
চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। স্থানীয় সময় সোমবার, বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মহফিলে এ তথ্য জানান তিনি।

এম এ মালেক বলেন, “খালেদা জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে হাসিখুশি আছেন। রোববার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমানসহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের চেয়ে বাসায় ভালো চিকিৎসা পাচ্ছেন। রোববারও দেখলাম ডা. জোবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে তারেক রহমান বসা।”

খালেদা জিয়া বর্তমানে তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বাসায় ফিরে যাওয়ার মানে হচ্ছে তিনি আগের চেয়ে ভালো আছেন, এবং অচিরেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় রয়েছেন।

an adbox will go here