শেখ হাসিনার শাসনামলে গুম ও হত্যার নির্দেশনার প্রমাণ: এইচআরডব্লিউ”
দিগন্ত জার্নাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, স্বৈরশাসক শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের প্রধান ইলেইন পিয়ারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে জুলাই বিপ্লবের মানবাধিকার প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, “১৬ বছরের অপরাধ উন্মোচনে এইচআরডব্লিউ’র প্রতিবেদনগুলো সহায়ক হয়েছে।” তিনি জবাবদিহিতা ও স্বচ্ছ সংস্কারের প্রতিশ্রুতি দেন।
এইচআরডব্লিউ জানায়, শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে অগ্রগতি সাধুবাদ জানায়।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।