কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিকের প্রবেশে বাধা, নিন্দা জানালেন ধর্ম উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের কাজে যাওয়া এক নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। তবে নারী সাংবাদিককে বাধা দেওয়ার বিষয়টি জানতেন না ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত “কওমি উদ্যোক্তা” নামে একটি সংগঠনের অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ধর্ম উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজক কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি যদি নারী সাংবাদিককে প্রবেশে বাধা দিয়ে থাকে, তার দায় ধর্ম উপদেষ্টার ওপর বর্তায় না। এমন ঘটনা ঘটে থাকলে সেটি অবশ্যই নিন্দনীয়, তবে এর জন্য আমন্ত্রিত অতিথিকে দায়ী করা যুক্তিসঙ্গত নয়।
ধর্ম উপদেষ্টা কিংবা ধর্ম মন্ত্রণালয়ের যেকোনো কর্মসূচিতে সাংবাদিকরা সবসময় আমন্ত্রিত হয়ে থাকেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা হয়। ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।