প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ‘দ্য অর্গানাইজার’-এর প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার-এ প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দ্য অর্গানাইজার নতুন এক প্রচারণা চালিয়েছে, যার উদ্দেশ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করা এবং ভারতের রাজনৈতিক প্রভাবকে প্রতিষ্ঠিত করা।
বিবৃতিতে আরও বলা হয়, এই অপপ্রচারের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও অ্যালেক্স সোরোসের বৈঠককে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
প্রেস উইং জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ঢাকায় মার্কিন দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনূস নিয়মিত বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতারাও রয়েছেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অটুট থাকবে
বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলো এই ভিত্তিহীন প্রচারণা প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো অপপ্রচারের কারণে ক্ষতিগ্রস্ত হবে না।