সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এক করার প্রস্তাব ফারুকীর - দিগন্ত জার্নাল

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এক করার প্রস্তাব ফারুকীর

দিগন্ত জার্নাল ডেস্ক:
:‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’—এই প্রতিপাদ্যে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে পাঁচ শতাধিক চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্রকর্মী, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্রাঙ্গনের সংশ্লিষ্ট অনেকে অংশ নেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে একত্রে করা দরকার। ফারুকী বলেন, কোরিয়া, ইরান, ইতালি—এমন অনেক দেশে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় একসঙ্গে থাকে, আলাদা নয়, এবং বাংলাদেশেও পুরো কালচারাল ইন্ডাস্ট্রিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত।

তিনি আরও বলেন, “আপনারা সিনেমার জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করেছেন, এটা বাস্তবসম্মত না, তবে আমরা চেষ্টা করব পুরো কালচারাল ইন্ডাস্ট্রিকে এক ছাতার নিচে আনতে, যেন পরবর্তী সরকারও এ শিল্পকে এগিয়ে নিতে পারে।” এছাড়া, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি জানতে চান, দেশে কতজন সিনেমাটোগ্রাফার কাজ করছেন, কতজন কাজ পাচ্ছেন না, কতটি সিনেমা হল রয়েছে, কতগুলো বন্ধ—এ সব তথ্য এক জায়গায় থাকা দরকার, যা সমন্বিত উদ্যোগ গ্রহণে সাহায্য করবে।

ফারুকী আরও জানান, চলচ্চিত্র মন্ত্রণালয় গঠনের দাবি নিয়ে উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্টরা আগামী তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে চলচ্চিত্রবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। তাদের মতে, কেবল তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্রের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে গিয়ে দাপ্তরিক জটিলতা সৃষ্টি হচ্ছে।

সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক শাহীন-সুমন, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি, পরিচালক রায়হান রাফী, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, হল মালিক আওলাদ হোসেন প্রমুখ।

এদিকে, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের, তবে তারা উপস্থিত ছিলেন না।

an adbox will go here