শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দুবাই হাসপাতালে ভর্তি
দিগন্ত জার্নাল ডেস্ক:
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সহকারি মির্জা হায়দার আলী গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, ৩০ জানুয়ারি সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে মদিনার উদ্দেশ্যে যাত্রা করার পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে বাবরকে দুবাই বিমানবন্দরের কাছের ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাবরের বড় ছেলে লাবিব ইবনে জামান তার পাশে আছেন।
বাবরের পরিবার দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। উল্লেখ্য, তিনি ২০ জানুয়ারি কারাগার থেকে মুক্তির পর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ১৬ জানুয়ারি, সব মামলা থেকে খালাস পাওয়ার পর বাবর কারামুক্ত হন।