চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আন্দোলন, রাস্তা অবরোধ না করার আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। এদের মধ্যে ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর তাদের রাস্তা অবরোধ না করে শান্তিপূর্ণভাবে দাবির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদন পর্যালোচনার জন্য ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল, নায়েক, এসআই, ইন্সপেক্টরসহ অন্যান্য পদে চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ফৌজদারি, আর্থিক বা শৃঙ্খলাজনিত অপরাধের কারণে চাকরিচ্যুত হয়েছেন, তবে তাদের আবেদন বিচারাধীন রয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, ২৯ জানুয়ারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চাকরিচ্যুত সদস্যদের কাছে গিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করলেও আন্দোলনকারীরা রাস্তা অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করেন, যা জনদুর্ভোগ সৃষ্টি করেছে।