সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সমর্থন করছি না: মান্না
দিগন্ত জার্নাল ডেস্ক:
সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির বৃহত্তর স্বার্থে এটি সমর্থন করছেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে মতামত
মান্না বলেন, ‘যে স্বৈরাচারকে লড়াই করে ফেলে দিয়েছি, তারা এখনো বেশি ভোট পায়। সংখ্যানুপাতিক ভোট হলে তারা এগিয়ে থাকবে। যদি সরকার নিষিদ্ধ না করে, তাহলে তারা নির্বাচন করবে না কেন?’
তিনি আরও বলেন, ‘প্রস্তাবটি আমার জন্য সুন্দর, কিন্তু জাতির জন্য নয়। এতে আওয়ামী লীগের ৪০টি এমপি আসতে পারে, তখন আমার অবস্থান কী হবে? তখন তারা বলবে, জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে? তোমার কয়টা এমপি আছে?’
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন
মান্না বলেন, ‘আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করছে, প্রশাসন কি করছে? প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এরপর কেউ করলে তাকে গ্রেপ্তার করা হবে। তাহলে এতদিন কী করলেন?’
নির্বাচন ও বিচার প্রসঙ্গে মন্তব্য
মান্না বলেন, ‘নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এর বিচার চাই। কিন্তু আপনি বললেন, বিচার শেষ না হলে নির্বাচন নয়। বিচার করতে কত দিন লাগবে? পাঁচ বছর? তাহলে কি পাঁচ বছর পরে নির্বাচন করবেন?’
অর্থনীতি ও দ্রব্যমূল্য নিয়েও সমালোচনা
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে, সরকার কিছু করতে পারছে না। শুধু আবেগ দিয়ে চললে সমাধান হবে না।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, লে. জেনারেল (অব.) আমিনুল করিম প্রমুখ।