বিদেশে পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দিগন্ত জার্নাল

বিদেশে পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের অনেককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “বিদেশে যারা পালিয়েছে, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।”

আজ (বুধবার) রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০৫ জন আসামির মধ্যে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে সরকার কাজ করছে।

পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, পলাতকদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।

এদিকে, থানা ও কারাগারে হামলার ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, “কারণে-অকারণে রাস্তা অবরোধ করা হচ্ছে, যা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। গণমাধ্যমের উচিত এসব ঘটনা সঠিকভাবে প্রচার করা, যাতে সাধারণ মানুষ এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করে।”

➡️ আরও বিস্তারিত জানতে দিগন্ত জার্নালের সঙ্গে থাকুন।

an adbox will go here