ধানমন্ডি ৩২ এ ভাঙচুর নিয়ে সোহেল তাজের কঠোর মন্তব্য - দিগন্ত জার্নাল

ধানমন্ডি ৩২ এ ভাঙচুর নিয়ে সোহেল তাজের কঠোর মন্তব্য

দিগন্ত জার্নাল ডেস্ক:

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। প্রথমে সেখানে আগুন লাগানো হয়, পরে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনাকে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম ও নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই বিষয়ে মন্তব্য করেন। তিনি আওয়ামী লীগের বিগত ১৫ বছরের ভূমিকা, হত্যা, গুম, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ নানা ইস্যুতে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, “কি নির্মম পরিণতি—১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করে আত্মউপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে আন্দোলনের ডাক দিলে এর পরিণতি কী হতে পারে?”

তার পোস্টে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, “গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

সোহেল তাজ আরও বলেন, “নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই—আমি আপনাদের চিনি।”

তিনি তার অনুসারীদের উদ্দেশেও বলেন, “আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেইজটি আনফলো করুন।”

প্রসঙ্গত, তানজিম আহমেদ সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে কিছুদিন পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব ভূমিকা পালন করছেন।

an adbox will go here