ধানমন্ডি ৩২-এর বেজমেন্টে পানি নিষ্কাশনের কাজ শেষ, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি নিষ্কাশনের কাজ সফলভাবে শেষ হয়েছে। তবে সেখানে সন্দেহজনক কোনো বস্তু বা ঘটনা পাওয়া যায়নি। সেচের কাজ শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেচ কাজের পর ধারণা করা হচ্ছে, যে স্থানটি নিয়ে এত আলোচনা ছিল, তা আসলে ভবনের লিফটের জায়গা। বেজমেন্টের প্রথম তলায় পানি নিষ্কাশন সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় তলায় অল্প কিছু পানি জমে ছিল। সেখানে এক তরুণ শ্রমিক পানির নিচে কিছু সময় হাত দিয়ে খোঁজাখুঁজি করেন, তবে কোনো কিছু না পেয়ে উঠে যান।
ফায়ার সার্ভিস এর মোহাম্মদপুর স্টেশন এর তিনটি ইউনিট দুপুর ১টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে, তবে তারা সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। ঘটনাস্থলে উৎসুক মানুষদের ভিড় ছিল, যারা সন্দেহ প্রকাশ করে জানায় যে এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তাই তারা আসছেন।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, “এখানে দুটি বেজমেন্ট রয়েছে, যেখানে বৃষ্টির পানি জমেছিল। আমরা শুধুমাত্র সেই পানি নিষ্কাশন করেছি, অন্য কিছু দেখতে পাইনি।”