ছাত্রনেতাদের নেতৃত্বে আসছে নতুন দল, প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে চলতি মাসেই। নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন, যা খুব দ্রুতই ঘটবে। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি নির্বাচনের আগে পদত্যাগ করবেন।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠনের আলোচনা চলছিল। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দিতে শুরু করে এবং জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এই নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি গঠন করছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে।
শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তবে নতুন এই দল রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব স্বাভাবিক ঘটনা হলেও, টিকে থাকা এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।