ধানমন্ডি ৩২-এ হাড়গোড়ের সন্ধান, সিআইডির ফরেনসিক পরীক্ষা চলমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া হাড়গোড়, জামাকাপড় ও জুতার নমুনা সংগ্রহ করেছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিআইডির একটি ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, হাড়টি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি পরীক্ষার পর জানা যাবে।
এর আগে রোববার ধানমন্ডি ৩২ নম্বরে আয়নাঘর বা গোপন বন্দিশালা থাকার সন্দেহে ফায়ার সার্ভিস বেজমেন্ট থেকে পানি সরিয়ে অনুসন্ধান চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্য ঘিরে বিক্ষোভের জেরে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের ভবনটি গুঁড়িয়ে দেয়।