বইমেলায় হট্টগোলকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার - দিগন্ত জার্নাল

বইমেলায় হট্টগোলকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

দিগন্ত জার্নাল ডেস্ক:

অমর একুশে বইমেলার স্টলে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এটি শুধু বই বিক্রির জায়গা নয়, বরং সাহিত্যিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের মিলনস্থল। এমন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ব্যাহত করে এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি অবমাননা প্রদর্শন করে।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বইমেলার নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকার ‘মব ভায়োলেন্স’ (দলবদ্ধ সহিংসতা) প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত মোকাবিলা করতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ স্টলে একদল ব্যক্তি গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা ওই স্টল থেকে তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলার দাবি জানান। স্টলের কর্মী তাদের প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং স্টলের ওই কর্মীকে সরিয়ে দেয়। পরে স্টলটি বন্ধ করে দেওয়া হয়।

বইমেলায় এ ধরনের ঘটনা লেখক, প্রকাশক ও পাঠকদের জন্য উদ্বেগজনক উল্লেখ করে সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

an adbox will go here