নতুন রাজনৈতিক দল গঠনের শেষ পর্যায়ে, নেতৃত্বে আসছেন কারা? - দিগন্ত জার্নাল

নতুন রাজনৈতিক দল গঠনের শেষ পর্যায়ে, নেতৃত্বে আসছেন কারা?

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, সামান্তা শারমিনসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

আলোচনার শীর্ষে রয়েছে নাহিদ ইসলামের নাম, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন। যদি তার নাম চূড়ান্ত হয়, তবে তিনি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন। সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তবে বিকল্প হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, কিংবা সামান্তা শারমিনের নামও বিবেচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।

জাতীয় নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, এই দল প্রচলিত রাজনীতির ধারা থেকে বেরিয়ে নতুন কাঠামো ও আদর্শের ভিত্তিতে গঠিত হবে। বিশেষ করে, পরিবারতান্ত্রিক রাজনীতি বর্জন, স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, “আমরা চাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরাই দলের নেতৃত্বে থাকুক। যারা আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং রাজনীতি সম্পর্কে গভীর ধারণা রাখেন, তাদেরই গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।”

দল গঠনের ক্ষেত্রে বহুমুখী গণতন্ত্র নিশ্চিত করা হবে, যাতে কেউ দীর্ঘ সময় শীর্ষ পদ দখলে রাখতে না পারে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সময়োপযোগী রাজনৈতিক কাঠামো গঠনের পরিকল্পনা রয়েছে।

কিভাবে এলো নতুন দল গঠনের ধারণা?

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ঘোষণা দেয়।

দলের আনুষ্ঠানিক ঘোষণার আগেও নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই কৌতূহলী—কে হবেন দলের শীর্ষ নেতা, দলটির মূল আদর্শ কী হবে, কিভাবে এটি বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাবে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, “দল গঠনের কাজ চলছে। কবে ঘোষণা আসবে এবং কে কোন দায়িত্ব নেবেন, তা আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে।”

সবকিছু ঠিক থাকলে ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রায় দেড় শতাধিক ছাত্রনেতা যুক্ত থাকবেন।

an adbox will go here