জাতীয় নির্বাচন চায় বিএনপি: সারা দেশে সমাবেশ শুরু কাল
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল (১২ ফেব্রুয়ারি) একযোগে নয় জেলায় সমাবেশের মাধ্যমে দলটি মাঠে নামছে। প্রথম ধাপে ৬৭ সাংগঠনিক জেলায় কর্মসূচি চলবে, যা পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরেও সম্প্রসারিত হবে।
বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন জেলায় সমাবেশে অংশ নেবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা জনগণের সামনে দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরবে এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় বিএনপি। তারা মনে করে, নির্বাচন জুলাই-আগস্টেই আয়োজন করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেও এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এ কর্মসূচিতে বিএনপির ৩৮ জন সিনিয়র নেতা বিভিন্ন জেলায় সমাবেশে প্রধান অতিথি থাকবেন। প্রতিটি সমাবেশে দলের বর্তমান অবস্থান, আগামী দিনের পরিকল্পনা এবং নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে বার্তা দেওয়া হবে।
(বিস্তারিত আসছে…)