ফেব্রুয়ারি ‘নোংরামির’ মাসে পরিণত হয়েছে: শায়খ আহমাদুল্লাহ
দিগন্ত জার্নাল ডেস্ক:
জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ ফেব্রুয়ারি মাসের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত জানিয়েছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ফেব্রুয়ারি মানেই এখন অবৈধ সম্পর্কের ছড়াছড়ি, যা এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীদের কৌশলগত অপপ্রচারের ফল।
তিনি বলেন, ফেব্রুয়ারি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাস, আত্মত্যাগের মাস। ভাষা শহীদদের আত্মত্যাগের শিক্ষা আমাদের শোষণের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা দেয়। অথচ আজ এই মাসকেই নোংরামির মাসে পরিণত করা হয়েছে।
শায়খ আহমাদুল্লাহর মতে, বর্তমান প্রজন্ম ফেব্রুয়ারি বলতে শুধু প্রণয় দিবস ও অবৈধ সম্পর্ককেই বুঝছে, যা গভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রের অংশ।
তিনি সতর্ক করে বলেন, যদি এখনই সজাগ না হওয়া যায়, তবে পশ্চিমা সংস্কৃতির মতো আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে। তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এই ইসলামী আলোচক।