রংপুরে দিনব্যাপী ইসলাহী ও দাওয়াতী সফরে শায়েখ হাফিজুদ্দীন - দিগন্ত জার্নাল

রংপুরে দিনব্যাপী ইসলাহী ও দাওয়াতী সফরে শায়েখ হাফিজুদ্দীন

আব্দুল্লাহ ইউসুফ:

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় দিনব্যাপী ইসলাহী ও দাওয়াতী সফর করেছেন রাহবারে মিল্লাত শায়েখ মুফতী হাফীজুদ্দীন (দা. বা.)। গত ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে ঈমানের দাওয়াত পৌঁছে দিতে তিনি একাধিক ইসলাহী প্রোগ্রামে অংশ নেন।

এ সফরে তিনি পীরগঞ্জের ধনশালা দক্ষিণপাড়া নাসিরুল উলুম মাদরাসায় বাদ জোহর সাধারণ মুসল্লীদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান, বাইআত ও দুআ করেন। বাদ আসর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম জামতলা মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত, বাইআত এবং বিশেষ দুআ অনুষ্ঠিত হয়।

সফরের শেষ পর্বে থানাপাড়া পীরগঞ্জ আরিফুল উলুম তাবলীগুল ইসলাম মাদরাসায় আয়োজিত মাসিক শবগুজারী মজলিসে অংশগ্রহণ করেন, যেখানে পুরুষ-মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাপনায় ইসলাহী বয়ান, বাইআত ও বিশেষ দুআ অনুষ্ঠিত হয়। শায়খ মুফতী হাফীজুদ্দীন তাঁর বয়ানে মুসলমানদের ঈমান-আমল হেফাজত, দৈনন্দিন জীবনে দ্বীনের চর্চার গুরুত্ব এবং বিভিন্ন এনজিও ও মিশনারির চক্রান্ত থেকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ ভুল পথে পরিচালিত না হয় বা ঈমান বিসর্জন না দেয়।

আয়োজকরা জানান, শায়খের দাওয়াতী সফর ও আলোচনায় তারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে দীর্ঘ সময়ব্যাপী ইসলাহী মজলিসের আয়োজনের পরিকল্পনা করছেন। তারা শায়খকে বিশেষভাবে আমন্ত্রণ জানান।

সংশ্লিষ্টরা মনে করেন, এমন ইসলাহী কার্যক্রম সাধারণ মানুষের মাঝে দ্বীনি চেতনাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন