আ.লীগ সরকার কী ধরনের নির্মমতা চালিয়েছে বিশ্ববাসী আবারও জানতে পারল
দিগন্ত জার্নাল ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) এক প্লেনারি সেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্বের কাছে আবারও উন্মোচিত হলো আ.লীগ সরকারের ভয়াবহ দমন-পীড়নের চিত্র। এই প্রতিবেদনে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর চালানো হত্যা, গুম, নির্যাতন এবং টর্চার সেলের সমস্ত তথ্য প্রমাণসহ উঠে এসেছে। সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেশনে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তাদের প্রধান কাজ ছিল ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা। এই লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৫টি সংস্কার কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর তিনি তার নিজ কাজে ফিরে যাবেন বলেও জানান। তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংকিং ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল, ১৬ বিলিয়ন মার্কিন ডলার লুটপাট হয়েছিল এবং প্রতিবছর ১৭ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে ভুয়া নির্বাচন করেছিলেন বলে তিনি মন্তব্য করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সহায়তা পাচ্ছে অন্তর্বর্তী সরকার বলেও তিনি জানান। এছাড়া, সামাজিক ব্যবসার ধারণা তুলে ধরে তিনি বলেন, এটি শুধু মুনাফার জন্য নয়, বরং সামাজিক সমস্যা সমাধানের জন্য পরিচালিত একটি উদ্যোগ।