আমিরাত সফর শেষ, দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব সরকার সম্মেলনে (WGS) যোগদান শেষে শুক্রবার তিনি দুবাই ত্যাগ করেন। দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সফরকালে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে উঠে আসে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি। তিনি আমিরাত কর্তৃপক্ষকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন।
বৈঠকে বাংলাদেশ-আমিরাত বাণিজ্য সম্পর্ক জোরদার, চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির প্রস্তাবের পর আমিরাতি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বাণিজ্যমন্ত্রীকে জানান, বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তি ব্যবহার করে আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। বাণিজ্যমন্ত্রী জানান, তিনি আগামী মাসগুলোতে বাংলাদেশে একটি সিনিয়র বাণিজ্য ও অনুসন্ধানী প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছেন।
সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ তার সঙ্গে ছিলেন। প্রধান উপদেষ্টার আজ সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে।