স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন, জামায়াতকে প্রশ্ন ফারুক - দিগন্ত জার্নাল

স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন, জামায়াতকে প্রশ্ন ফারুক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, গত ৫৪ বছরে স্বাধীনতা দিবসে জামায়াতের কোনো মিছিল দেখা যায়নি। অথচ এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে আলোচনা শুরু করতেই তাদের সক্রিয়তা বেড়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ‘অমুসলিম’ বলেছিল, অথচ এখন তারা নতুন চক্রান্ত করছে।

ফারুক বলেন, জামায়াত ও আওয়ামী লীগ এক হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের ষড়যন্ত্রের কারণেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে বিএনপি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু মাথা নত করেনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করেছে এবং বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করেছে বলে অভিযোগ করেন তিনি।

নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

an adbox will go here