শিগগিরই বাংলাদেশে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, ছাড় দিচ্ছে না মূল্য ও কর
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারতের আদানি পাওয়ার খুব শিগগিরই বাংলাদেশকে পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। বৈদ্যুতিক চাহিদা বাড়ার কারণে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধের পর আদানি পাওয়ার আবারও সম্পূর্ণ সরবরাহ দিতে রাজি হয়েছে। তবে বাংলাদেশ বিদ্যুতের দামে ছাড় চাইলেও তা দেয়নি আদানি পাওয়ার, জানিয়েছে রয়টার্স।
গত ৩১ আগস্ট বিল পরিশোধে বিলম্বের কারণে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে। এরপর ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বন্ধ হয়ে যায়। তবে শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় বাংলাদেশও সরবরাহ কমানোর অনুরোধ করেছিল। তবে গ্রীষ্মের আগে বিপিডিবির অনুরোধে আবারও পূর্ণ সরবরাহ চালু করতে সম্মত হয়েছে আদানি পাওয়ার।
বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, বকেয়া পরিশোধের জন্য প্রতি মাসে আদানিকে ৮৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এছাড়া, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা থাকলেও উচ্চ কম্পন ও প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১,৬০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন, যার দুটি ইউনিট প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট। কেন্দ্রটি শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। তবে আদানি পাওয়ার মূল্য ছাড় বা কর সংক্রান্ত কোনো অনুরোধ মানতে রাজি হয়নি।
সূত্র: রয়টার্স, দ্য ইকোনমিস্ট