'জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা - দিগন্ত জার্নাল

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক:

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে। লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী—এই পাঁচ জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে কর্মসূচি পালন করা হবে। এর মধ্যেই শনিবার দুপুর থেকে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে পানি ছেড়ে দেওয়া হয়, ফলে তিস্তা ব্যারাজ এলাকায় পানির প্রবাহ বেড়েছে।

শনিবার রংপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। তিনি জানান, এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়া উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এ কর্মসূচির মাধ্যমে তিস্তাপারের মানুষের জীবনযাত্রার সংকট, আনন্দ-বেদনার গল্প নাটক, সারিগান, পালাগান, জারিগান, নকশিকাঁথা নাটক ও সংগীতের মাধ্যমে তুলে ধরা হবে। এতে বেবী নাজনিনসহ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি তিস্তার দুই পারে দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রচার মিছিল ও জনসভা করেছেন।

এদিকে, তিস্তা ব্যারাজ এলাকায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, “তিস্তাকে বাঁচাতে যখন বৃহৎ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখনই ভারত হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে ‘নাটক’ করছে।” তবে তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহের তুলনায় শনিবার দুপুরে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে, তবে এতে বন্যার শঙ্কা নেই।

an adbox will go here