আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করছে সরকারের সফলতা: প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডিসিদের সঙ্গে আলোচনায় তিনি দেশের ৬৪ জেলার উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, এখন থেকে পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন হবে না।
প্রধান উপদেষ্টা বলেন, “একজন জেলা প্রশাসক থাকাকালীন সময়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পান। তাই প্রতিটি ডিসির উচিত তার জেলার সার্বিক উন্নয়নে মনোযোগী হওয়া।” তিনি প্রস্তাব করেন, প্রতিটি জেলার র্যাংকিং ব্যবস্থা চালু করলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এছাড়া, শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এবারের ডিসি সম্মেলনে ১,২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনসেবা, অবকাঠামো উন্নয়ন এবং নীতিমালা সংশোধনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।