হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ ভাগ মানুষ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতীয় উপমহাদেশের উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর ‘মুড অব দ্য নেশন’ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে প্রশ্ন করা হয়— ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?’
উত্তরপূর্বাঞ্চলের ২৩% মানুষ বলেছেন, হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া উচিত ছিল। ভারতের সামগ্রিক জনসংখ্যার ৩৭.৬% এই মতকে সমর্থন করেছেন।
তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়তে উত্তরপূর্ব ভারতের ৫৫% মানুষ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। পুরো ভারতের ২১.১% মানুষও চান, তাকে এখন ফেরত পাঠানো হোক।
অন্যদিকে, ভারতের ২৯% মানুষ চায়, হাসিনাকে ভারত থেকে সরিয়ে দেওয়া হোক, তবে বাংলাদেশে নয়— অন্য কোনো দেশে। উত্তরপূর্ব ভারতের ১৬% মানুষ এই মতের সঙ্গে একমত।
বাংলাদেশের অনুরোধ ও দিল্লির ‘নীরবতা’
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনার সরকার পতন ঘটে, যার পর তিনি ভারতে আশ্রয় নেন। গুম, ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, গুম-ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, এবং শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে।