জন্মনিবন্ধনের কোনও ‘বাবা-মা’ নেই: প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মুহাম্মদ ইউনুস
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “অনেক সিদ্ধান্ত ঢাকা থেকে নেওয়া হয়, কিন্তু সেগুলো জেলা পর্যায়ে কীভাবে বাস্তবায়িত হয়, তা স্পষ্ট নয়। যেমন—জন্মনিবন্ধন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর যেন কোনও ‘মা-বাবা’ নেই। নিয়ম থাকলেও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।”
রোববার (১৬ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জন্মসনদ ও হয়রানি বন্ধের আহ্বান
প্রধান উপদেষ্টা বলেন, “মধ্য বা শেষ বয়সে যখন কোথাও যেতে হয়, পাসপোর্ট করতে হয়, তখন জন্মনিবন্ধন প্রয়োজন হয়। পুরনো দিনে কেউ জন্মনিবন্ধন করতো কি না, তা জানা নেই, কিন্তু টাকা দিলে ঠিকই তা পাওয়া যায়। তাহলে টাকা ছাড়া কেন পাওয়া যাবে না? জন্মসনদ নাগরিকদের অবশ্য প্রাপ্য, এটি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে জন্মগ্রহণের একমাত্র প্রামাণ্য নথি জন্মসনদ। এটি না থাকলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মেলে না, এনআইডি না থাকলে পাসপোর্ট মেলে না। রাতারাতি এই সমস্যার সমাধান সম্ভব নয়, তবে অন্তত শুরু করতে হবে।”
পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা
প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, “এটি নাগরিক অধিকার। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই তথ্য গ্রাম-গঞ্জে পৌঁছাতে হবে। অযথা মানুষকে হয়রানি করা যেন আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। সরকার মানেই হয়রানি—এই ধারণা বদলাতে হবে।”
প্রাথমিক শিক্ষায় গুরুত্ব
এ সময় তিনি জেলা প্রশাসকদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।